
সৌদি আরবের অন্যতম সফল ফুটবল ক্লাব আল নাসের ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত ক্লাবটি এখন নতুন খেলোয়াড় দলে ভেড়াতেও হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিকপক্ষ সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কাছে ক্লাবের মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা করছে।
সৌদি সংবাদমাধ্যম আরিয়াদিয়া জানিয়েছে, আল নাসেরে বিনিয়োগের জন্য ইতোমধ্যে দুটি বড় প্রস্তাব পেয়েছে পিআইএফ। তবে পুরো ক্লাব বিক্রির পরিবর্তে আংশিক মালিকানা বা পার্শিয়াল টেকওভার-এর দিকেই বেশি আগ্রহ দেখানো হচ্ছে।
আর্থিক সংকটের কারণে ক্লাবটির ওপর বেশ কয়েকটি কঠোর শর্ত আরোপ করেছে পিআইএফ। এর মধ্যে রয়েছে নিজস্ব আয়ের বাইরে নতুন কোনো খেলোয়াড় কেনা যাবে না। পাশাপাশি আয় বাড়ানো ও ব্যয় কমানোর লক্ষ্যে অতিরিক্ত আর্থিক, বাণিজ্যিক এবং আইনি পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে ক্লাবের আংশিক বা পূর্ণাঙ্গ মালিকানা বিক্রির পথও খোলা রাখা হয়েছে।
এই সংকটের প্রভাব ইতোমধ্যেই দলবদলের বাজারে পড়েছে। রিয়াল মায়োর্কার মিডফিল্ডার সামু কোস্তার সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হলেও অর্থসংকটের কারণে তা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা যায়নি। একই কারণে উইঙ্গার আব্দুলরহমান ঘরিবের চুক্তি নবায়নের বিষয়টিও ঝুলে আছে।
ক্লাবটির এমন পরিস্থিতির জন্য অনেক সমর্থক ও বিশ্লেষক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপুল বেতনের বিষয়টি সামনে আনলেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আল নাসের। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গত মৌসুমে একের পর এক বড় অঙ্কের চুক্তি, খেলোয়াড়দের উচ্চ বেতন এবং দুর্বল আর্থিক ব্যবস্থাপনার ফলেই বর্তমানে প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়ালের ঋণের ভার বইতে হচ্ছে ক্লাবটিকে।
সব মিলিয়ে, মাঠের তারকাখচিত দল গড়লেও এখন টিকে থাকার লড়াইয়ে নেমেছে সৌদি প্রো লিগের অন্যতম এই হেভিওয়েট ক্লাব।







