
দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশে পেপ্যাল, পেওনিয়ারসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর পথ উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আন্তসীমান্ত (ক্রস-বর্ডার) ডিজিটাল লেনদেনের সুবিধা চালু করতে পারবে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং বৈদেশিক লেনদেন আরও আধুনিক ও নিরাপদ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) বা ডিজিটাল ওয়ালেট চালু করতে পারবে। এই ওয়ালেটের মাধ্যমে গ্রাহকরা আন্তর্জাতিক অনলাইন কেনাকাটা, ভিসা প্রসেসিং ফি, সদস্যপদ ফি, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয় এবং হোটেল বুকিংয়ের অর্থ পরিশোধ করতে পারবেন। প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার ব্যয়ের সুযোগ থাকবে।
এ ছাড়া ফ্রিল্যান্সার, রপ্তানিকারক ও ই-কমার্স উদ্যোক্তারা বিদেশ থেকে আয় আরও সহজে দেশে আনতে পারবেন। বিদেশি পর্যটকরাও বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন।
তবে এ সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। একই সঙ্গে অর্থপাচার প্রতিরোধ, কেওয়াইসি এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত সব বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।







