১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

মাহবুবুর রহমান সাব্বির

দুরবীন ডেস্ক

প্রকাশিত:
WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। পর্যায়ক্রমে চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য নিয়মিত হালনাগাদ করে প্রকৃত দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে এ কার্যক্রম চালু করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড একটি ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি বা গতিশীল সামাজিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে। ফলে কেউ দরিদ্র থেকে নিম্নবিত্ত বা মধ্যবিত্তে উন্নীত হলে কিংবা পুনরায় দারিদ্র্যে নেমে এলে সেটিও নিবন্ধনে অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে জন্য ইউনিয়ন পর্যায়ে তথ্য যাচাই-বাছাই করা হবে। ভাতা ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

এ কর্মসূচিতে ধর্ম, জাতি, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের নীতির আলোকে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, পরিবারের নারী সদস্যদের হাতে আর্থিক সহায়তা পৌঁছালে তা শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, হাঁস-মুরগি পালন, গাছ লাগানো, কুটির শিল্প, সেলাই এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে বেশি কাজে লাগে। এতে নারীর ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ দারিদ্র্য কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি জানান, দেশের ৫৬টি এলাকায় পরিচালিত পাইলট প্রকল্পে ইতিবাচক ফল পাওয়া গেছে। যশোর ও নেত্রকোনার দুটি এলাকায় তথ্য সংগ্রহে কিছু সমস্যা দেখা দিলেও তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বাকি ৫৪টি এলাকায় ত্রুটির হার ছিল ৩ শতাংশেরও কম।

সরকার জানিয়েছে, ১৬ আগস্ট থেকে নতুন প্রশ্নমালা ও নতুন পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে তথ্য সংগ্রহ শুরু হবে। এরপর প্রতি মাসে তথ্য হালনাগাদ করা হবে, যাতে মৃত্যু, আর্থসামাজিক অবস্থার পরিবর্তনসহ অন্যান্য তথ্য দ্রুত নিবন্ধনে যুক্ত করা যায়।

কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে তিন স্তরের তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা, উপজেলা পর্যায়ে ইউএনও, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পৃথক কমিটি দায়িত্ব পালন করবে। জাতীয় পর্যায়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি থাকবে এবং প্রধানমন্ত্রীও নিয়মিত কর্মসূচির অগ্রগতি তদারকি করবেন।

এ ছাড়া একই ব্যক্তি যাতে একাধিক ভাতা বা সরকারি সুবিধা নিতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় তথ্য যাচাই করবে। পাশাপাশি অর্থ বিভাগ, আইএমইডি এবং দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে স্বাধীন মূল্যায়নের ব্যবস্থাও রাখা হবে, যাতে কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য হ্রাসে এর কার্যকারিতা মূল্যায়ন করা যায়।

Latest News

alt

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন ধারণা, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো

স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের দৃশ্যমান বর্ডার আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কোম্পানির দাবি, নতুন কনসেপ্ট ডিভাইসটিতে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের প্রচলিত স্ক্রিন ডিজাইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Popular News