দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা

দুরবীন ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৪ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৮ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ৪২ পয়সা।
একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ১৭ টাকা ৬৮ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩ পয়সা।






