
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আইনে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিচারকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশটির আইনে অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে থাকতে পারেন। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
রোববার বিকেলে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ জানান, বেনজীর আহমেদকে ঘিরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তিনি বলেন, আমিরাত সরকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আরও তথ্য চেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় তথ্য ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করা হবে।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, সফরটি অত্যন্ত সফল হয়েছে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগ প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। প্রতিনিধিদলটি প্রযুক্তি, কৃষি, তৈরি পোশাকসহ (গার্মেন্টস) বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ পর্যালোচনা করবে।






