জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

দুরবীন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
সিএনজিচালিত অটোরিকশাটি পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। নিজের পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অন্যদিকে, কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন তিনি। পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন।
গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা নিজে ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। অন্যটি ভাড়া দেবেন।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী বাসিন্দা আসাদুল হক বিশুকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি নিরাপদে এসব যান নিজ নিজ গন্তব্যে নেওয়ার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।





