
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭৩৩ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ জন এবং সিলেটে ২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৬৪ জন এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন।
একই সময়ে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ১৬ হাজার ৭৪০ জনের হাম পরীক্ষায় শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।






